
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নগরীর আদুবুড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইশতিয়াক ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আল মুমেনের নেতৃত্বে ব্যাটালিয়নের একটি দক্ষ আভিযানিক দল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
সংবাদে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি লিচুবাগানের পূর্ব পাশে সন্দেহজনকভাবে একটি সিমেন্টের বস্তা ফেলে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে বস্তাটির ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার হওয়া ১০৩টি তাজা ককটেলের মধ্যে ৬৪টি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। বাকি ৩৯টি কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
এসআরবি-৫ জানিয়েছে, উদ্ধার করা ককটেলগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ককটেলগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।