
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ছোড়ার ঘটনায় পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এর পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে পাল্টা গুলি চালায় বিজিবি।
দুই বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজিবির পক্ষ থেকে দ্রুত ও কড়া প্রতিক্রিয়া জানানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে উদ্ভূত পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার অনুরোধ জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে।