
ফ্রান্সে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকারকে অভিবাসননীতি আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভিন্ন সংস্কৃতি থেকে আসা এবং মনে ঘৃণা পোষণ করা মানুষের অভিবাসনের কারণে একসময়কার মহান দেশ ফ্রান্স ধ্বংসের মুখে পড়েছে। তাঁর ভাষায়, ‘ফ্রান্স এখন জ্বলছে।’
ফরাসি নেতৃত্বের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ব্যাপক গ্রেপ্তার
শনিবার ফ্রান্সের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ঐতিহাসিক টাউন হলসহ বেশ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এসব ঘটনায় এক হাজার ৮০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।
নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি থাকতে এমন অস্থিরতা প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে।
একই সুর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও
ফ্রান্সের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে একই ধরনের অবস্থান প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, পশ্চিমা উদারপন্থিরা বৈচিত্র্য ও সহানুভূতির কথা বলে ফ্রান্সসহ বিভিন্ন দেশে ‘তৃতীয় বিশ্বকে’ নিয়ে এসেছে। এ ক্ষেত্রে সমাজের মৌলিক সামঞ্জস্যের বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ভ্যান্স ফ্রান্সকে অসাধারণ মানুষের দেশ হিসেবে উল্লেখ করেন। আরও ঐতিহাসিক স্থাপনা পুড়ে যাওয়ার আগেই এই ‘পাগলামি’ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।