
বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রের নিরাপত্তার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম রোববার সকালে জানান, খন্দকার আব্দুল হাফিজ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।
একই বিষয়ে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা। ওই সময় নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটিতে তাদের যোগদানের ঘটনা ঘটে।