
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোতে ব্যাপক রদবদল করা হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে বাংলাদেশের চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্টিলারির জিওসি (General Officer Commanding) পদে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসের বর্তমান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এছাড়া, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। একই সঙ্গে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পদক্ষেপে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ কমান্ডিং পোস্টগুলোতে কার্যক্রম ও দায়িত্বের নতুন বিন্যাস কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।