.jpeg)
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হারুন ও রাসেল। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা এবং পরস্পরের প্রতিবেশী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। রোববার (৩১ মে) রাতে রিয়াদের একটি সড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর দেশে পৌঁছালে নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। আজ সে লাশ হয়ে ফিরবে এটা আমরা কল্পনাও করিনি। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক।
এলাকাবাসী জানান, হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একই সঙ্গে তাদের মৃত্যুতে পুরো গ্রামে গভীর শোক বিরাজ করছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে পরিবারের আবেদন অনুযায়ী প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।