
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সৌদি আরবে উমরাহ করতে গিয়ে আটকা পড়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মুশফিক উমরাহ করার জন্য সৌদি আরব-এর মক্কা সফর করেছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সমস্ত ফ্লাইট স্থগিত থাকায় তিনি এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।
শনিবার সন্ধ্যায় মুশফিক একটি ফেসবুক পোস্টে লিখেন, “আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার উমরাহ শেষ করেছি এবং আজ দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।” তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনাও করেন।
মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার মধ্যে, মিনাব-এর একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, হামলার সময় বিদ্যালয় ভবনের ভেতরে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। নিহতদের অধিকাংশই কন্যাশিক্ষার্থী। উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।