ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত শিল্পী খাতুন ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে এবং অভিযুক্ত জহুরুল ইসলাম একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে পারিবারিকভাবে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আট বছর পর প্রথম স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন জহুরুল। এ নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হলে একপর্যায়ে শিল্পীকে রেখেই তিনি ঢাকায় চলে যান। প্রায় সাত বছর পর তিনি আবার শিল্পীর কাছে ফিরে আসেন।
জহুরুলের দ্বিতীয় সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। গত ১২ নভেম্বর তিনি আবারও শিল্পীর বাড়িতে আসেন। ঘটনার রাতে স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে একসঙ্গে ঘুমাতে যান জহুরুল। অভিযোগ রয়েছে, ভোররাতে নেশার টাকার জন্য শিল্পীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে জহুরুল তাকে মারধর ও নির্যাতন করেন। এ সময় ছোট মেয়েকেও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই শিপন আলী অভিযোগ করে বলেন, নেশার টাকা না পেয়ে জহুরুল রাতভর আমার বোনকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছেন। এর আগেও তিনি আমার বোনকে নির্যাতন করে নদীতে ফেলে দিয়েছিলেন। এ ঘটনায় তারা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।