
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিপুল পরিমাণ হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধারের ঘটনায় মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানে একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া এবং একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এ সময় মো. ইব্রাহিমকে আটক করা হয়।
মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা
কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৩৫০ কেজি হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। তিনটি হরিণের চামড়ার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং হরিণের মাথাটির মূল্য ১ হাজার টাকা।
অভিযানে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করেছে কোস্টগার্ড।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মো. ইব্রাহিমকে এবং জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
তিনি বলেন, এ বিষয়ে বন বিভাগের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।