
রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলকে আরও নিরাপদ ও পরিচ্ছন্ন করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে সরকার। ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ থেকে আনসার নিয়োগ দেওয়া হবে।’
তিনি জানান, অল্প সময়ের মধ্যেই হাতিরঝিলকে তার পূর্বের সৌন্দর্য ও পরিবেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ সময় রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের আলোকসজ্জা উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনমূলক কার্যক্রমও সমান্তরালভাবে এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘হাতিরঝিল পরিচ্ছন্নতা কাজ দ্রুত করতে হবে। এজন্য এক সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরকার হয় আরও লোকবল নিয়ে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।’
রাজউক চেয়ারম্যান জানান, হাতিরঝিলে যেন কোনো সুয়ারেজ লাইন যুক্ত না থাকে এবং পানিতে ভাসমান বর্জ্য জমতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।