
আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বইগুলো ফেরত নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। সোমবার প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে হাফেজদের কাছ থেকে বই ফেরত নেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য বিভিন্ন উপহারের ব্যবস্থা করা হয়েছিল। সেসব উপহারের তালিকায় ছিল ‘নেক্সাস’ বইও।
বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ যেসব প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম চলমান রয়েছে।