
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, অলরাউন্ডার সাকিব আল হাসানকে দীর্ঘ সময়ের জন্য আবার জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে, তবে বিষয়টি নির্ভর করছে তার ফিটনেস, ম্যাচ খেলার সুযোগ এবং সামগ্রিক প্রস্তুতির ওপর। তিনি বলেন, সাকিবের সঙ্গে আলোচনা চলছে এবং সবকিছু মিললে তাকে দীর্ঘ মেয়াদেই বিবেচনা করা হবে।
শনিবার (১১ এপ্রিল) ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাশার জানান, সাকিবের সঙ্গে একাধিকবার কথা হয়েছে তার বর্তমান অবস্থা বোঝার জন্য। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে এক-দুইবার কথা বলেছি। আমার মূল চিন্তা ছিল সে প্রস্তুত কি না এবং নিয়মিত খেলছে কি না। যুক্তরাষ্ট্রে তার জন্য নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ খুব বেশি নেই।’
বাশারের ভাষ্য অনুযায়ী, সাকিব নিয়মিত ফিটনেস বজায় রাখলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ধারাবাহিক অংশগ্রহণ নেই। তিনি বলেন, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন সিদ্ধান্ত নির্ভর করছে তার প্রাপ্যতার ওপর। ‘সবকিছু ঠিকভাবে মিললে আমরা অবশ্যই তাকে দীর্ঘ সময়ের জন্য চাই,’ যোগ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলেননি। ওই সময় তিনি দেশের বাইরে ছিলেন এবং পরবর্তীতে দেশে ফেরার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয় জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে। তখন তাকে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগেও জড়ানো হয়।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাস্তবায়িত হয়নি। এরপর থেকেই তার আন্তর্জাতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়।
বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিসিবি একাধিকবার তার ফেরার বিষয়ে সহায়তার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।