
দেশজুড়ে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ৪ শিশুর প্রাণ গেছে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৪৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮ হাজার ২৬৬ জনে পৌঁছেছে। একই সময়ে মোট ১১ হাজার ৫৯৪ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবের মধ্যে মোট ৮১ হাজার ৯৫৫ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।