
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে বিমানবন্দরটিতে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি বাতিল করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশই বাতিল হয়েছে।
চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা। এতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পরিবহনব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি একাধিকবার হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
১০ অক্টোবর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) শর্তসাপেক্ষে আংশিকভাবে এটি পুনরায় চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা