
২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির কথা ছিল।
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। তার আগে গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ রয়েছে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন। বাদীর জবানবন্দি নেওয়ার পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
এর আগে গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে সেদিনও আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিশা আরও অভিযোগ করেন, বাদী তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।