
কিউবার কমিউনিস্ট সরকারের পতন হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে বেরিয়ে গেছে কিউবার প্রতিনিধিদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে কিউবার সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, তাঁর প্রশাসন কিউবায় মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।
ট্রাম্পের দাবি, কিউবার কমিউনিস্ট সরকার বর্তমানে নজিরবিহীন চাপের মুখে রয়েছে। দেশটির সরকারকে ‘সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে তিনি বলেন, পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় খারাপ এবং শেষ পর্যন্ত এই সরকারের পতন ঘটবে। তিনি আরও বলেন, ‘স্বাধীনতা কিউবায় আসছে।’
কিউবা নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিগত উদ্যোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান ট্রাম্প। ওই সময় রুবিও জাতিসংঘের বার্ষিক অধিবেশনে উপস্থিত ছিলেন।
রুবিও কিউবার সঙ্গে আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যায়।
ট্রাম্প যখন কিউবার সরকার নিয়ে এসব মন্তব্য করছিলেন, তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস পারিয়াইয়ার নেতৃত্বাধীন কিউবার প্রতিনিধিদল অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যায়।
কিউবা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র কিউবার ১১টি প্রতিষ্ঠান ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।