
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের হয়রানি থেকে সুরক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
রিটটি করেন বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মো. খলিলুর রহমান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিদুল ইসলাম জনি।
আদেশের পর আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান জানান, হাইকোর্ট রিটটি খারিজ করেছেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
রিট আবেদনে বলা হয়েছিল, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অযথা হয়রানি থেকে সুরক্ষা দিতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারি করা হোক।
এছাড়া পুরুষদের এ ধরনের হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের নির্দেশনা কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছিল। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নির্দেশনারও আবেদন করা হয়।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছিল।