
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের বহুতল সন্তোষ ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ভবনের নবম তলা থেকে লাফ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে কী কারণে ওই শিক্ষার্থী এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তিনি পুরোপুরি সুস্থ হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান হল প্রাধ্যক্ষ।
জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব চন্দ্র বর্মণ জানান, আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।