
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
সশস্ত্র শোডাউনের প্রতিবাদ, হামলার শিকার শিক্ষার্থী-সাংবাদিক
বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএসের বিরুদ্ধে ছাত্রদলের একটি সশস্ত্র শোডাউনের প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষার্থীরা। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
তার অভিযোগ, হামলাকারীরা রড, পাইপ ও চাপাতি নিয়ে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর আক্রমণ করে। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, গলা চেপে শ্বাসরোধের চেষ্টা এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করার মতো ঘটনাও ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ডাকসু ভিপি। তার ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজেই স্বীকার করেছেন। এমনকি হামলার সময় পুলিশও ভয়ে ঘটনাস্থল থেকে সরে যায় বলে প্রক্টর জানিয়েছেন।
বিবৃতিতে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার আগের একটি ঘটনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হামলার ঘটনা ঘটে। তবে প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
উল্টো হামলার ঘটনায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সহিংসতা বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা দাবি
সাংবাদিকদের স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন সাদিক কায়েম। একই সঙ্গে ক্যাম্পাসে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ এবং প্রতিটি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ডাকসু ভিপি।
তিনি সতর্ক করে বলেন, ক্যাম্পাসে সহিংসতা ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ আরও তীব্র হয়ে উঠতে পারে।