
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদীর বোন পরিচয়ে এক নারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট চান।
রোববার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের এক নির্বাচনী জনসভার মঞ্চে ওই নারীকে প্রকাশ্যে বক্তব্য দিয়ে ভোট চাইতে দেখা যায়।
তবে শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে পরিবারের কেউ নন বলে স্পষ্ট করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জানান, শহীদ ওসমান হাদীর পরিবারের সঙ্গে সরাসরি কথা বলে তারা নিশ্চিত হয়েছেন— জনসভায় বক্তব্য দেওয়া ওই নারী হাদীর তিন বোনের কেউ নন।
এ বিষয়ে শহীদ ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ফেসবুক পেজে ওই নারীর ছবি শেয়ার করে প্রতিবাদ জানান। তিনি লেখেন, “এই নারী ওসমান হাদীর পরিবারের কেউ নন।”
শম্পা আরও জানান, শহীদ হাদীর পরিবারের পক্ষ থেকে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে— তারা যেন কোনো নির্দিষ্ট দল বা আবেগ নয়, বরং যোগ্যতা, সততা ও নৈতিকতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করেন। দলমতের ঊর্ধ্বে উঠে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
এ ঘটনায় নাহিদ ইসলামের নির্বাচনী প্রচার শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শহীদ পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এ ধরনের পরিচয় ব্যবহার করে রাজনৈতিক প্রচারণায় জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।