
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মীরহাজারীবাগে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন এবং বর্তমানে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। অন্যদিকে, সাইফুল ইসলাম একটি মোটর দোকানে কর্মরত ছিলেন এবং গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, “যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”