
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গুলিতে নিহত যুবক মোহাম্মদ রাকিব (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।
সোমবার (১৬ মার্চ) রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনো নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। গুলি চালানো ব্যক্তিরা খুলনা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।”
এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোহাম্মদ রাকিবুল ইসলামকে গুলি ও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোমবার রাকিবুলের বাবা তারিকুল ইসলাম খোকন শাহবাগ থানায় ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলে করে শহীদ মিনার এলাকায় পৌঁছান।
মোটরসাইকেলটি পার্ক করার পর পাঁচ থেকে ছয়জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল।