
১৫ আগস্টকে ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পয়েন্টে তল্লাশিও বাড়ানো হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে রাখা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান দেখা যায়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের চলাচল ও গতিবিধিও নজরদারি করছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত রয়েছে।