
রাজধানীর পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সাংবাদিক প্রান্ত পারভেজের দাবি, দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি তার বাসায় এসে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে তারা পালিয়ে যান। সব মিলিয়ে চার রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানান তিনি।
প্রান্ত পারভেজের অভিযোগ, মিরপুর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে ‘আশিক গ্রুপ’। সম্প্রতি এই গ্রুপের চাঁদাবাজি নিয়ে ৭১ টেলিভিশনে প্রতিবেদন সম্প্রচারের জেরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ‘আশিক গ্রুপের’ মূলহোতা হিসেবে আশিকের নাম উল্লেখ করেছেন সাংবাদিক প্রান্ত পারভেজ।
ঘটনার পর আজ রাজধানীর পল্লবী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।