-6aaf68d6dbb8c.webp)
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ঢাকার বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ৫২ জন, লালবাগ বিভাগের ৪৩ জন, ওয়ারী বিভাগের ৫৭ জন, মতিঝিল বিভাগের ৬৩ জন, তেজগাঁও বিভাগের ৭৯ জন, মিরপুর বিভাগের ১৪৬ জন, গুলশান বিভাগের ৪১ জন এবং উত্তরা বিভাগের ৪৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড় ও ২৫০ গ্রাম পেট্রোল উদ্ধার করে। পাশাপাশি বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক এবং একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষও জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি এবং ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অন্যদিকে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত দুটি মেশিন, বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ গ্রাম কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।