-6ad728b264336.webp)
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি বহুতল ভবনের নিচতলার কক্ষ থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এফ ব্লকের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মুঠোফোন নম্বর উল্লেখ করে মৃত্যুর পর সেগুলোতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
শাহবাজ পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাজির আহমেদ। তিনি দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তিনি ব্যবসার পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর কাজ করতেন।
স্ত্রী চলে যাওয়ার পর একাই থাকতেন শাহবাজ
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে স্ত্রীকে নিয়ে ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন শাহবাজ। সেখানে সাত থেকে আট দিন একসঙ্গে থাকার পর তার স্ত্রী চলে যান। এরপর থেকে ওই কক্ষে একাই বসবাস করছিলেন তিনি।
শাহবাজের স্ত্রী চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর একজন নারী বলে জানা গেছে। তবে তার নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, শাহবাজের সঙ্গে তার স্ত্রীর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছিল।
এদিকে, বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় শাহবাজের কাছে বেশ কয়েকজনের টাকা পাওনা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কতজন তার কাছে টাকা পেতেন কিংবা মোট পাওনার পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যায়নি।
চিরকুটে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি নম্বর
মৃত্যুর আগে শাহবাজের লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে জানা গেছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মুঠোফোন নম্বর উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশে থাকা তার সাবেক স্ত্রীর এবং অন্যটি পাকিস্তানে থাকা তার ভাইয়ের বলে জানা গেছে। মৃত্যুর পর লাশের বিষয়ে ওই দুই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশে থাকা তার সাবেক স্ত্রীর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ভবনের নিচতলার একটি কক্ষে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ভবনের দারোয়ান থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শাহবাজ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য শাহবাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।