
দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। তবে ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল থেকে ট্রেন চলাচল শুরু হবে। এ সময় যাত্রীচাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের মধ্যবর্তী বিরতি সমন্বয় করা হবে। ট্রেন চলবে ১০ থেকে ২০ মিনিট পরপর।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর ছাড়া নির্ধারিত বাকি চার দিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে।
২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টা ২০ মিনিটে।