
সাভারের আশুলিয়ায় একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আউকপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদের ছেলে সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মেছের হাওলাদারের ছেলে মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার শহিদুলের ছেলে জহিরুল (২৭)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের তথ্য জানান সংস্থাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। মো. মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং অন্যান্য ধারায় আরও তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।