
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্কেল আলীর নেতৃত্বে বোটঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দিদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, সহিংস মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সঙ্গে দিদার সরাসরি জড়িত। তিনি ইউসুফ আলী ও কুলসুম বেগম দম্পতির সন্তান। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের কাটাসুরের নামার বাজার এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।