
রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।