
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ভারতীয় সীমান্ত ঘেঁষা নাওগাড়া বিলের কাদা পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে মাঠে কর্মরত লোকজন বিলের পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স ৪৫ বছর হবে। স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়েছে তবে কেউ তাকে চিনতে পারেনি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।