
ঝিনাইদহের মহেশপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে একটি বিএনপি কার্যালয়। আগুনে অফিসের ভেতরে থাকা চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতের দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশপুর থানা শাখার ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও ওই ঘটনার জের ধরে কার্যালয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।