
চট্টগ্রাম মহানগরে বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’ চালিয়ে গত দুই সপ্তাহে ৭০৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৯৭ জন মাদক কারবারি, ৩৬৭ জন ছিনতাইকারী, ২৪ জন চাঁদাবাজ, ১৪৮ জন কিশোর গ্যাং সদস্য এবং ৬৯ জন জুয়াড়ি রয়েছে।
অভিযানের সময় উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে একটি বিদেশি স্টেনগান (এসএমজি), একটি বিদেশি সাবমেশিনগান (এসএমসি), একটি ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার এবং একটি দেশীয় পাইপগান। পাশাপাশি ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, এসএমজির তিনটি ম্যাগাজিন ও পিস্তলের তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযানে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় কিরিচ, একটি রামদা, আটটি ছোরা, তিনটি ধামা, দুটি চাপাতি এবং একটি কাঁচি।
এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৪০টি চোরাই মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি।