
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনায় পতিত ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত রাজবাড়ী-ব-১১-০০২৪ নম্বরের বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বাসটির মালিককে নির্দেশ দেওয়া হয়েছে, কেন এই রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে। পাশাপাশি বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ সব মূল কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে এবং মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিআরটিএর একজন মোটরযান পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছেন।
এই সিদ্ধান্তের অনুলিপি বিআরটিএর প্রধান কার্যালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।
বিআরটিএর তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার দিনই সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।