
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী একটি জাহাজ পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। এটি জিটুজি চুক্তির দ্বিতীয় চালান। এর আগেও এই চুক্তির প্রথম চালান দেশে পৌঁছেছিল, যেখানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম আসে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজের ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
দেশের মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশীয় উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করা হয়।