
বিশ্ববাজারে তেলের মূল্য ঊর্ধ্বমুখী হলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৭ মার্চ) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পরিবহন ও খাদ্যপণ্যের বাজারে, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে ওঠে। তিনি জানান, বিশ্বের প্রায় ৮০টি দেশ ইতোমধ্যে তেলের দাম বাড়ালেও জনগণের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ সেই পথে হাঁটেনি। এই সিদ্ধান্তের ফলে সরকারকে প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, মার্চ মাসে যেখানে দৈনিক গড়ে ১২ হাজার টন ডিজেলের প্রয়োজন হয়, সেখানে ঈদকে সামনে রেখে সরবরাহ বাড়িয়ে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টনে উন্নীত করা হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি পাওয়াকে তিনি সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।