
পটুয়াখালী জেলার পর্যটন নগরী কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই জনকে আটক করেছে প্রশাসন। আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির হোসেন (৪৪) যিনি ইয়াবা পরিবহনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।অপর জন দুলাল (৪০)।
রবিবার (৫ এপ্রিল) রাতে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাকিরের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।একই অভিযানে আটক অপর ব্যক্তি দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানকালে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। কুয়াকাটাকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কুয়াকাটাকে মাদকমুক্ত করা সম্ভব।
স্থানীয় সচেতন মহল মনে করেন , প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কুয়াকাটার পর্যটন এলাকার পরিবেশ আরো নিরাপদ ও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভ্রমণে আগ্রহী হবে।