
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। সড়ক দখলমুক্ত করা এবং যান চলাচল নির্বিঘ্ন করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (৬ মে) ভালুকা ও ত্রিশাল উপজেলায় একযোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, ফুটপাত দখল এবং অবৈধ কাঠামো ভেঙে দেওয়া হয়।
আগামী ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে। দরিরামপুর নজরুল একাডেমি মাঠে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত নানা কর্মসূচি চলবে। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের এ আয়োজনে প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনার কথাও উঠে এসেছে।
এ আয়োজনকে কেন্দ্র করে সড়কের শৃঙ্খলা, সৌন্দর্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। খননযন্ত্র ব্যবহার করে এসব দোকান ও কাঠামো অপসারণ করা হয়। স্থানীয়ভাবে এসব স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানায় প্রশাসন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, শীর্ষ পর্যায়ের আগমন ও আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একই দিনে ভালুকা উপজেলার নাসির গ্লাস এলাকা থেকে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশে অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান, ফুটপাত দখল এবং অন্যান্য অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, মহাসড়কের অবৈধ দখলমুক্ত করা নিয়মিত কার্যক্রমের অংশ। এর আগে বহুবার অভিযান চালানো হয়েছে। নজরুলজয়ন্তী উপলক্ষে সড়কে শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ উদ্যোগ আরও জোরদার করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, মহাসড়কে যানজট কমানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক সৌন্দর্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।