
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি নির্মাণ করা ছাড়াই দোতলা ভবন নির্মাণের ঘটনায় চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের দ্বিতীয় তলা দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী পড়ে থাকায় শ্রেণিকক্ষ সংকটে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে এই একাডেমিক ভবন নির্মাণ করা হয়। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয় তলার কাজ শেষ হলেও সেখানে ওঠার জন্য কোনো সিঁড়ি নির্মাণ করা হয়নি। ফলে পুরো দ্বিতীয় তলা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা যায়, নিচতলায় সীমিত জায়গায় ক্লাস চললেও একই কক্ষে বাঁশ ও চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। এতে একদিকে শব্দ ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অন্যদিকে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, নতুন ভবন থাকা সত্ত্বেও তারা তা ব্যবহার করতে পারছে না, যা তাদের পড়াশোনায় বড় ধরনের সমস্যা তৈরি করছে।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার ঘাটতি ও গাফিলতির কারণে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত ভবনটি কাজে আসছে না। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সিঁড়ি না থাকায় দীর্ঘ চার বছর ধরে দ্বিতীয় তলা ব্যবহার করা যাচ্ছে না এবং একাধিক দফতরে আবেদন করেও কোনো সমাধান মেলেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অর্থ সংকটের কারণে সিঁড়ি নির্মাণ সম্পন্ন করা সম্ভব হয়নি, তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।