
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ, যিনি আলো দিয়ে অন্ধকার দূর করেছেন। তার মতে, রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী ও কৃষক দরদি, যিনি সাধারণ মানুষের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছেন এবং প্রচলিত রাজাদের মতো আচরণ করেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া কুষ্টিয়া-১ ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের বাস্তবায়নে এবং শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই উৎসবে কুঠিবাড়ীকে সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও আল্পনায়। উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। তবে এবারের আয়োজনে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা না থাকায় কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা জানান, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই স্থান ঘুরে দেখতে পেরে তারা আনন্দিত। অনেকেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণের কথা জানান এবং পরিবেশকে উৎসবমুখর বলে উল্লেখ করেন।
শিক্ষক ও সংস্কৃতি অনুরাগীরা কুঠিবাড়ী এলাকায় গবেষণাগার ও সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার দাবি জানান, যাতে সারা বছর রবীন্দ্রচর্চা আরও বিস্তৃত হয়।
আয়োজকরা জানিয়েছেন, তিনদিনব্যাপী এই অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।