
রাজনৈতিক নিষ্ক্রিয়তার আড়ালে থাকা যুবলীগের নেতা-কর্মীরা আবারও প্রকাশ্যে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন নোয়াখালীতে। শুক্রবার (৮ মে) দুপুরে জেলা শহর মাইজদীর ব্যস্ত মহাসড়কে হঠাৎ ঝটিকা মিছিল বের করে সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী। পরে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়।
বেলা আড়াইটার দিকে চৌমুহনী-মাইজদী মহাসড়কে হওয়া ওই মিছিলে ২৫ থেকে ৩০ জন অংশ নেন বলে ভিডিওতে দেখা যায়। মিছিলকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের হলেও পরে সেটির ভিডিও বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, জুমার নামাজের সময় তুলনামূলক ফাঁকা সড়ক বেছে নিয়ে এ ধরনের কর্মসূচি ছিল পরিকল্পিত শক্তি প্রদর্শনের চেষ্টা। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনৈতিকভাবে চাপে থাকা সংগঠনের নেতা-কর্মীরা কীভাবে প্রকাশ্যে মহাসড়কে মিছিল করার সাহস পেলেন।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, জুমার সময় শহরের বাইরে ফাঁকা সড়কে মিছিলটি হয়েছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কারা নেতৃত্ব দিয়েছেন এবং কারা অংশ নিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।