
তামিলনাড়ুতে সরকার গঠনকে ঘিরে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে একাধিক দফা বৈঠক করলেও এখনো সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি পাননি অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। ফলে বহুল আলোচিত শপথ আয়োজন আপাতত ঝুলে গেছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে।
শুক্রবার (৮ মে) বিকেলে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে ফের বৈঠক করেন বিজয়। টানা তিন দিনের মধ্যে এটি ছিল তাদের তৃতীয় বৈঠক। বৈঠকে বিজয় তার দল টিভিকের পক্ষে সরকার গঠনের দাবি তুলে ধরে ১১৮ জন বিধায়কের সমর্থন থাকার কথা জানান।
তবে রাজ্যপাল কার্যালয় সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার নির্ভরযোগ্য প্রমাণ এখনো উপস্থাপন করতে পারেননি বিজয়। এ কারণে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। তবে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে বিজয়ের পক্ষে নিশ্চিত সমর্থন রয়েছে ১১৬ জন বিধায়কের। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে তিনি এখনো দুই আসন পিছিয়ে আছেন।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শেষ মুহূর্তে বিদুথালাই চিরুথাইগাল কাজি, এএমএমকে ও আইইউএমএলের সমর্থন আদায়ে জোর তৎপরতা চালায় টিভিকে। কিন্তু শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থনপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি। বিশেষ করে আইইউএমএল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে না।
এদিকে সরকার গঠন ঘিরে চলমান টানাপোড়েন তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। নির্বাচনে বড় সাফল্যের পর বিজয়ের শপথ নিয়ে সমর্থকদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারলে রাজ্যে জোট রাজনীতির নতুন সমীকরণও সামনে আসতে পারে।