
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন তার পরিবার।
মৃত ব্যক্তির নাম মো. আজহারুল ইসলাম (৭০)। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবিন্দ্রপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। পেশাগত জীবনে তিনি নবাবগঞ্জ আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান আজহারুল ইসলাম। মক্কায় অবস্থানকালে বৃহস্পতিবার হঠাৎ তিনি জ্বর ও কাশিতে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
শুক্রবার (৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে কিবরিয়া হোসেন।
পরিবার জানায়, শুক্রবার জুমার নামাজের পর পবিত্র মসজিদুল হারামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়েছে।