
বিদেশি দুই পর্যটকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) ভোরে গ্রিন ভ্যালি পার্ক এলাকায় এ অভিযান চালানো হয়।
ঘটনাটি সামনে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। সেখানে দেখা যায়, পার্কে অবস্থানরত দুই বিদেশি নাগরিকের সঙ্গে একজন ব্যক্তি অশোভন আচরণ করছেন এবং আপত্তিকর মন্তব্য করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের একজন আমিনুল ইসলাম (২৯)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার হোলি দাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরজন রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার ভূমিকা এখনো যাচাই করা হচ্ছে।
স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং পুরো ঘটনার পেছনের প্রেক্ষাপট কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্য যাচাইয়ের কাজ চলছে।
বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।