
পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৯ মে) রাত সোয়া আটটার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. ভুট্টু (৪৫) এবং তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও তার ছেলে শিমুলকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে ভুট্টুর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
পাবনা জেলা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।