
ভোলার লালমোহন থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
গত ২৯ মে ২০২৬ তারিখ রাত ২১:৪৫ ঘটিকায় লালমোহন থানার এসআই (নিঃ) আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ লর্ডহার্ডিঞ্জ ৫নং ওয়ার্ডস্থ নতুন বাজারের উত্তর পাশে হেলালের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গত ০৭ জুন ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইউসুফ (৫০),পিতা- মৃত অজিউল্লাহ, মাতা- মালেকা বেগম। সাং- রায়চাঁদ (৫নং ওয়ার্ড), ইউপি- রমাগঞ্জ। মোঃ মমিন (৪৮), পিতা- আবুল কাশেম মাঝি, মাতা- আলেকজান। সাং- কুন্ডের হাওলা (৭নং ওয়ার্ড), ইউপি- ধলীগৌরনগর, মোঃ তোফায়েল (৩৭), পিতা- শেখ আহম্ম, মাতা- জয়নব বিবি। সাং- মোল্লাজি (৬নং ওয়ার্ড), ইউপি- ধলীগৌরনগর।
(গ্রেফতারকৃত সবার বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়।)
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বিবরণী নিচে দেওয়া হলো, মামলা নম্বর: ১০ (তারিখ: ০৭/০৬/২০২৬), জি আর নম্বর: ১২৮
সংশ্লিষ্ট ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)।
লালমোহন থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।