
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ব্যর্থতার পর সীমান্ত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। ঘটনায় সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সতর্ক অবস্থান বিরাজ করছে।
রবিবার রাতের অন্ধকারে শ্রীরামপুর ও আজিজপুর সীমান্তের মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকার কাছে এ ঘটনা ঘটে। বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে স্থানীয়দের চিৎকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিজিবি জানায়, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পিলার ৮৫৪/১০-এস থেকে প্রায় ১৬০ গজ ভারতের অভ্যন্তরে দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের টহল দল ভারতে অবস্থানরত ৫ জন অবৈধ অভিবাসীকে পুশইনের চেষ্টা করে। এ সময় স্থানীয় গ্রামবাসী চিৎকার করলে বিএসএফ টহল দল দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ ওই ৫ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুশইন ঠেকাতে বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছে।