.jpeg)
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় কয়েক ঘণ্টার মধ্যেই পরিচয় নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নিহত যুবকের নাম হাবিবুল্লাহ (৩৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার অলিপুরা বাজার কাজীপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
হাইওয়ে পুলিশ ও পিবিআই সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত দেড়টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
ভবেরচর হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম জানান, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তাকে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা গেছে। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পরে পরিচয় না মেলায় হাইওয়ে পুলিশ পিবিআইকে বিষয়টি জানায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “মুন্সীগঞ্জ জেলা পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহানের সার্বিক দিকনির্দেশনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত ওই লাশের সঠিক পরিচয় শনাক্ত করতে সক্ষম হই।”
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।