
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই গ্রামের কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়ালের পাঁচটি গরু মাঠে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। বিকেলের দিকে মাঠে থাকা একটি সেচপাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয়দের অভিযোগ, একই এলাকার হাশমত আলী আবাসিক বিদ্যুৎ-সংযোগ ব্যবহার করে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধভাবে একটি সেচপাম্প পরিচালনা করছিলেন। সেই সেচপাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।