
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে তার স্ত্রী, প্রেমিক এবং শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল এলাকার নুর নাহার, তার মা ছকিনা বেগম, বাবা নুর মোহাম্মদ এবং পরকীয়া প্রেমিক গফুর।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামে নুর নাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াতের কথা বলে কৌশলে পাশের গ্রামের তার পরকীয়া প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে নুর নাহার, তার বাবা-মা ও প্রেমিক গফুর মিলে কেতাব উদ্দিনকে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।
এ ঘটনার পরদিন, ১৯ এপ্রিল কেতাব উদ্দিনের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।